
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার কাজের জন্য কয়েক দিন সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
শুক্রবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার ভেতরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় স্মৃতিসৌধ চত্বরে পরিচ্ছন্নতা ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হবে।
বিবরণীতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ ভোরে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা স্থান ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সামগ্রিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।