
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
শুক্রবার (১৪ মার্চ) ভার্জিনিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বার্তাসংস্থা এএফপি এই সংবাদটি সম্প্রচার করেছে।
হেগসেথ বলেন, “আমাদের বিমান বাহিনী ও ইসরায়েলের বিমান বাহিনী মিলে শত্রুপক্ষের ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন এক হাজারের বেশি হামলা হয়েছে।”
তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র তেহরানের আকাশে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর পরিকল্পনা করছে। হেগসেথ বলেন, “আমরা সামনে এগিয়ে যেতে থাকব। আজ তেহরানের আকাশে সবচেয়ে বেশি সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র।”
যুক্তরাষ্ট্রের লক্ষ্য, ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনাকে ধ্বংস ও অকার্যকর করা। এ বিষয়ে তিনি বলেন, “পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনাকে ধ্বংস ও অকার্যকর করে দেওয়া আমাদের লক্ষ্য।”
এছাড়া, হেগসেথ দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই হামলায় আহত হয়েছেন।