
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা নারীদের স্বীকৃতি দেওয়া হয়।
খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পাশাপাশি আগের বছরের ধারাবাহিকতা বজায় রেখে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে আরও পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মানিত করা হয়।
এ বছর ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে পুরস্কার পেয়েছেন নুরুন নাহার আক্তার। ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মোছা. ববিতা খাতুন। ‘সফল জননী নারী’ বিভাগে নির্বাচিত হয়েছেন নুরবানু কবীর।
এছাড়া ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ বিভাগে সম্মাননা পেয়েছেন মোছা. আফরোজা ইয়াসমিন।
নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, সাহসিকতা এবং অদম্য মানসিকতার জন্য এই নারীদের সম্মাননা প্রদান করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই পুরস্কারকে দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতিতে উৎসাহ জোগানোর একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হয়। এ ধরনের উদ্যোগ নারীদের সংগ্রাম, নেতৃত্ব এবং অবদানের গল্পকে সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।