
বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়ার পর দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি স্বীকার করেছেন, ওই মন্তব্য করা তার উচিত হয়নি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তাকে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। একই ভিডিওতে একটি শিশুর কথাও শোনা যায়, যা বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
ভিডিওটির প্রসঙ্গে তিনি জানান, এটি নির্বাচনের সময় ধারণ করা হয়েছিল এবং তখন তা একটি বন্ধ গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। তার ভাষায়, সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। এজন্য নিজের কাজের জন্য তিনি আবারও দুঃখ প্রকাশ করেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ এক শিশুকে প্রশ্ন করেন—“মির্জা আব্বাস কী?” জবাবে শিশুটি বলে, “মির্জা আব্বাস চাঁদাবাজ।” এই ভিডিও ঘিরেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই দুঃখ প্রকাশ করেছেন এনসিপির এই নেতা।