
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ (হুইপস) আদেশ, ১৯৭২’-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নূরুল ইসলামকে চীফ হুইপ পদে নিয়োগ দিয়েছেন।
চীফ হুইপ হিসেবে নূরুল ইসলাম একজন মন্ত্রীর পদমর্যাদা ও সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা, সরকারি দলের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দলীয় সংসদ সদস্যদের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি।
বরগুনা-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার এই নিয়োগকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, তার নেতৃত্বে জাতীয় সংসদে বরগুনার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।