
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভিসা জটিলতায় পড়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সরকার একটি বিশেষ সেল গঠন করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে পারছেন না, অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এই সমস্যা সমাধানে আমরা একটি বিশেষ সেল চালু করেছি।”
তিনি আরও জানান, “আমরা বাংলাদেশের দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের ভিসা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার চেষ্টা করব।”
এছাড়া তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।