
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে অত্যন্ত সূক্ষ্ম ও লক্ষ্যভিত্তিক পদ্ধতিতে সামরিক অভিযান চালাচ্ছে।
সোমবার (০২ মার্চ) পেন্টাগনে ‘অপারেশন এপিক ফিউরি’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হেগসেথ বলেন, “ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান কখনোই ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হবে না।” তিনি ইরানের হামলায় চারজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য স্বীকার করে বলেন, “এই ধরনের অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে।”
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ওয়াশিংটন আশা করছে, ইরানি জনগণ এই ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাবে। ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্যের সঙ্গে মিলিয়ে তিনি উল্লেখ করেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, ‘এখনই আপনাদের সময়’।’’ তিনি ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে উৎখাতের জন্য সাধারণ জনগণকে বার্তা দিয়েছেন।
হেগসেথ ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে বলেন, “পরবর্তী প্রতিটি পদক্ষেপ খুব ভেবে-চিন্তে নিতে হবে।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে ব্যবস্থা নেবে ওয়াশিংটন।”
তিনি আরও উল্লেখ করেন, ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং তেহরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সুরক্ষার নামে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের পারমাণবিক চুক্তি সম্পর্কে হেগসেথ বলেন, এটি ‘ব্যর্থ চুক্তি’। বর্তমান অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-এর মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, নৌ-সম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।
সূত্র: এএফপি, আল-জাজিরা।