
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ বগুড়ায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এই ফ্যামিলি কার্ড চালু করা হবে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রতিটি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারাদেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে এই কার্ড প্রদানের সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে সরকার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডকে বাছাই করেছে। তিনি আরও বলেন, আগামী ১০ মার্চ এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে। পরে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এই ফ্যামিল কার্ড হবে সার্বজনীন।