
দায়িত্ব নেওয়ার একদিন পরই আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে হাজির হলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সকালেই কেন্দ্রীয় ব্যাংকে তার আগমন ঘিরে ছিল কৌতূহল ও আলোচনার আবহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ ব্যাংক ভবনে পৌঁছান। এ সময় ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এলিয়ন সিরিজের এ ১৫ মডেলের গাড়িতে করে তিনি অফিসে আসেন।
সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে সংক্ষিপ্ত জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, “আগে কাজ করি তারপরে কথা বলব। যোগদান করি...।”
এর আগের দিন ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী গভর্নরের দায়িত্ব পেলেন। আগে এ পদে অর্থনীতিবিদ, সাবেক আমলা কিংবা শিক্ষাবিদরা দায়িত্ব পালন করেছেন।
পোশাক শিল্প খাতের উদ্যোক্তা হিসেবে পরিচিত মোস্তাকুর রহমান একসময় পুঁজিবাজারে একটি ব্রোকারেজ হাউসের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি আবাসন ব্যবসাতেও সম্পৃক্ততা ছিল তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। তার নেতৃত্বে ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়। তবে দেড় বছর পর অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরিয়ে দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৬৬ সালে ঢাকায় তার জন্ম। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন।
কোনো বড় ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃত্বে না থাকলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৫ সালের জুলাই থেকে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন ১৯৯৮ থেকে ২০০০ মেয়াদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন, তখন ওই সময়ের পর্ষদ সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। এমআরএম সিকিউরিটিজ নামে একটি ব্রোকারেজ হাউসের প্রতিনিধি হিসেবে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দুই দফা মালিকানা পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির নাম হয় ইউসিবি ব্রোকারেজ হাউস।
এ ছাড়া আবাসন খাতের সংগঠন রিহ্যাব, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের সদস্য হিসেবেও যুক্ত আছেন তিনি। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন মোস্তাকুর রহমান।
