
রাজধানীকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে মশক নিধন, বনায়ন এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসির প্রশাসক এ তথ্য জানান।
তিনি বলেন, ১৭ বছর পরে ফ্যাসিবাদমুক্ত হওয়ায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোকাল গভর্মেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সবকিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা দখল করেছিল।
তিনি আরও বলেন, জনগণের যে সেবাগুলো নিশ্চিত করা উচিত ছিল, সেগুলো নিশ্চিত না করে তারা একটি দলকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করেছিল। এই সরকার আসার পরে এখন জনগণের হারিয়ে যাওয়া যে সব অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি, প্রথমেই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যেসব দাবি সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছেনি, জনগণের সঙ্গে থেকে সেগুলো অনেকটা সমাধান করব। যেগুলো না পারবো, সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সব বিষয়গুলোকে সমাধান করব।
প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের দিনই সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়া হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। এই সময় যাতে আবার জনগণের ভোগান্তিও না হয়, সে বিষয়টিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজেই সবকিছু চিন্তাভাবনা করেই যখন সিদ্ধান্ত নেওয়ার আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব।