
দীর্ঘ অপেক্ষার পর শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই নির্বাচন সংশ্লিষ্ট আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান মাছুউদ এই নির্বাচন নিশ্চিত করেন। তিনি বলেন, "নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনিই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।"
গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত হয়েছিল জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু ঘটলে ভোট স্থগিত করতে হয় এবং পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করতে হয়।
অপরদিকে, সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই আসন থেকে জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ত্যাগ করে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, স্পিকার আসনটি শূন্য ঘোষণার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক।