
দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসকদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে স্থানীয় প্রশাসনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তারা সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন।
এর আগে রোববার ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এই ছয়জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এবার প্রশাসক নিয়োগে ভিন্নধর্মী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমলাদের বদলে রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
‘স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা ১ অনুযায়ী, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
যোগদানপত্র জমা দেওয়ার পর প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
