
নতুন দায়িত্ব নিয়েই চট্টগ্রামকে ঘিরে বড় ঘোষণা দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, চট্টগ্রামকে প্রকৃত অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে দ্রুত কাজ শুরু হবে এবং কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধি থাকবে তার প্রধান অগ্রাধিকার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল নিজের নির্বাচনী এলাকায় তার প্রথম সফর।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা তাকে সংবর্ধনা জানান। ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নবনিযুক্ত মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে আমাদের অগ্রাধিকার থাকবে কর্মসংস্থান সৃষ্টিতে। চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো; এই দুই বিষয়কে সামনে রেখেই আমরা এগোবো।
মন্ত্রী আরও জানান, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে বন্দর আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক ও সক্ষম করতে হবে। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই আমাদের লক্ষ্য।
চট্টগ্রামকে ঘিরে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। তিনি ইঙ্গিত দেন, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চট্টগ্রামের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগানো হবে।