
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে উদ্যোগ নিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি অভিযোগ জানানোর জন্য নতুন হটলাইন নম্বর এবং ওয়েবসাইট চালু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এটি তার নির্বাচনি এলাকা থেকে অবৈধ কার্যকলাপ দূর রাখতে নেওয়া একটি পদক্ষেপ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতের দিকে নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন আবদুল আউয়াল মিন্টু।
ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, “ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।”
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে জানিয়ে তিনি অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০১৭৩০-০০৪৮৪৪ এবং ওয়েবসাইট www.aamintoo.com প্রকাশ করেছেন। একই স্ট্যাটাসে সবাইকে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা মন্তব্য করেছেন, এই পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়িত হলে এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত হবে।
দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, “এই বিষয়টি আমাদের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি অঙ্গীকার ছিল। তারই আলোকে তিনি এই বিষয়টির বাস্তবায়ন ঘটিয়েছেন। আমরা ওনার নির্বাচনি এলাকার মানুষ আশা করছি এর মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আসন হিসেবে ফেনী-৩ গঠিত হবে।”
তিনি আরও বলেন, “দাগনভূঞা উপজেলা ও সোনাগাজী উপজেলার মানুষদের অনুরোধ করব, এখন থেকে যে কোনো অভিযোগ উক্ত হটলাইন নাম্বার এবং ওয়েবসাইটে জানাবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।”