
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে পরিবর্তনের আভাস মিলছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে গাজী আশরাফ হোসেন লিপুর, আর ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্বে না থাকার ইচ্ছা ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি।
জানা গেছে, জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েছেন।
এ পরিস্থিতিতে নতুন প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন-এর নাম বিবেচনায় নিচ্ছে বিসিবি। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বাশার বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’
হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে তিনি অব্যাহতি পান। দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনায় তাকে আবারও নির্বাচক প্যানেলে ফেরাতে আগ্রহী বোর্ড।
বর্তমানে বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।