
দুর্নীতির অভিযোগে সনি র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার পরিবারের দুই সদস্যের বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আল আমিন এই আবেদন করেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুই ব্যক্তি হলেন একরাম হোসেনের ভাই ও সনি র্যাংগসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং পিতা সাচিমি ওগাওরা হোসেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, একরাম হোসেন ও বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান থেকে জানা গেছে, তাদের এবং পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে।
আবেদনটি বিবেচনা করে আদালত এই সম্পদ রক্ষা এবং আসামিদের অপরাধের আলামত সংরক্ষণের জন্য তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।