
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ হটলাইন নম্বর চালু করেছে।
নাগরিকরা নিম্নলিখিত নম্বরগুলোর মাধ্যমে যে কোনো নির্বাচন সংক্রান্ত তথ্য বা অভিযোগ পুলিশকে সরাসরি জানাতে পারবেন: 01320037358, 01320037359, 01320037360।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে। নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন ঘটনায় পুলিশের হস্তক্ষেপের জন্য নাগরিকদের এসব নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।"
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও উল্লেখ করেন, "একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ডিএমপি।"