
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা ও কর্মী হত্যা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ৬০০টি ঘটনা ঘটেছে, যার ফলে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। একই সময়কালে ৭ হাজার ৮২ জন আহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে ৫৫০টি (৯১.৭ শতাংশ) ঘটনায় বিএনপি, ১২৪টি (২০.৭ শতাংশ) ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ৪৬টি (৭.৭ শতাংশ) ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত ছিল।
টিআইবি আরও জানায়, তফসিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী হত্যা বা প্রাণহানির শিকার হয়েছেন। তুলনামূলকভাবে, ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। এছাড়া ১ হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজ হওয়া, ডিপফেক ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, এবং সংখ্যালঘুদের ওপর ৫০টির বেশি হামলার খবর উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদে দেশে আইন-শৃঙ্খলার পরিস্থিতি ক্রমেই নাজুক হয়েছে। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, আন্দোলন, লুটপাট ও অরাজকতা বিরামহীনভাবে চলতে থাকে।
এছাড়া প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগ ছিল ৬৭ কোটি ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৫৫ কোটি ডলারে নেমেছে। এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগের রেকর্ড।