
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে ১ লাখ সেনাবাহিনী, ১.৫ লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ৬ লাখ আনসার মোতায়েন থাকবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।" তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, "এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে, অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে আগে পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, একইভাবে নির্বাচনও শান্তিপূর্ণ হবে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।