
নির্বাচন কমিশন প্রতারকচক্রের ফোনকল এড়িয়ে চলার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি প্রতারকচক্র দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের ফোনে কল করে তাদেরকে নির্বাচনকালীন সম্মানি দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা মূলত ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নির্বাচনকালীন সম্মানি আইন অনুযায়ী প্রদান করা হবে। এজন্য কোনো ব্যক্তি বা সংস্থার সঙ্গে প্রিজাইডিং অফিসারদের আলাদা যোগাযোগের প্রয়োজন নেই।
কমিশন বিশেষভাবে আহ্বান জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই ধরনের প্রতারণামূলক ফোনকলের কোনো সাড়া দেবেন না এবং সতর্ক থাকবেন।