
চুল পড়ার সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ, অপুষ্টিকর খাদ্যাভ্যাস এবং পরিবেশ দূষণের মতো নানা কারণে চুল দুর্বল হয়ে পড়ে। তাই শুধু বাহ্যিক পরিচর্যা নয়, চুলের সুস্থতা ধরে রাখতে সঠিক পুষ্টিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, চুলের গোড়া শক্তিশালী রাখতে শরীরকে ভেতর থেকে প্রয়োজনীয় পুষ্টি দিতে হবে। আর সেই পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো প্রতিদিনের খাদ্যাভ্যাস। দৈনন্দিন খাবারের তালিকায় কিছু পুষ্টিকর উপাদান যুক্ত করলে চুল পড়া অনেকটাই কমানো এবং নতুন চুল গজাতে সহায়তা করা সম্ভব।
বাদাম
আখরোট, আমন্ড ও কাজুর মতো বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। এগুলো চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
চিয়া বীজ
ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ চিয়া বীজ চুলের জন্য অত্যন্ত উপকারী। দই বা সালাদের সঙ্গে নিয়মিত এটি খেলে চুলের পুষ্টি বৃদ্ধি পায় এবং চুল পড়ার প্রবণতা কমতে পারে।
শিমের বীজ
প্রচুর প্রোটিনসমৃদ্ধ শিমের বীজ চুলের গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলে চুল আরও শক্ত ও ঘন হতে সহায়তা করে।
পনির (কটেজ চিজ)
নিরামিষভোজীদের জন্য কটেজ চিজ একটি উৎকৃষ্ট প্রোটিনের উৎস। বিশেষজ্ঞ শোভন সাহার ভাষায়, “এতে উচ্চমানের প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে, যা চুলের গঠনের জন্য অপরিহার্য।” তিনি আরও বলেন, এর ক্যালসিয়াম ও প্রোটিনের সংমিশ্রণ সরাসরি আপনার চুলের গঠনগত অখণ্ডতা বজায় রাখতে সহায়ক এবং চুলের জন্য প্রয়োজনীয় কেরাটিন সংশ্লেষণে সহায়তা করে।
মেথি বীজ
ফলিক অ্যাসিড, ভিটামিন এ, সি ও কে সমৃদ্ধ মেথি চুল পড়া কমানোর জনপ্রিয় প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত।
পালং শাক
ভিটামিন এ–সমৃদ্ধ পালং শাক মাথার ত্বক সুস্থ রাখতে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। পাশাপাশি এটি চুল পড়া কমাতেও কার্যকর।
ডিম
ডিমে রয়েছে প্রোটিন, বায়োটিন, ভিটামিন বি–১২, আয়রন, জিংক ও ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিড। এসব পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিলে চুলের গুণগত মান নষ্ট হতে পারে। তাই খাদ্যতালিকায় নিয়মিত ডিম রাখা উপকারী।
ওটস
ফাইবারের পাশাপাশি ওটসে রয়েছে জিংক, আয়রন ও ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান মাথার ত্বক ও চুলের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকালের নাশতায় ওটস রাখা ভালো।
আমলকি
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আমলকি চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলকে ভেতর থেকে শক্তিশালী করে। নিয়মিত অল্প পরিমাণে আমলকি খেলে চুল পড়া কমতে পারে।
অঙ্কুরিত মুগ ডাল
উদ্ভিজ্জ প্রোটিন, বায়োটিন ও অ্যামিনো অ্যাসিডসমৃদ্ধ অঙ্কুরিত মুগ ডাল চুলের গোড়া শক্তিশালী করতে সহায়ক। শোভন সাহা বলেন, “অঙ্কুরিত মুগ ডাল উদ্ভিজ্জ প্রোটিন, বায়োটিন এবং অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, যা একেবারে গোড়া থেকে চুল শক্তিশালী করতে সাহায্য করে।” অঙ্কুরিত হওয়ায় এসব পুষ্টি শরীর সহজেই গ্রহণ করতে পারে।
গাজর
ভিটামিন এ–সমৃদ্ধ গাজর শুধু চোখের জন্য নয়, চুল ও ত্বকের জন্যও উপকারী। এটি মাথার ত্বকে পুষ্টি জোগায়, চুলের গোড়া মজবুত করে এবং প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
লো-ফ্যাট দুগ্ধজাত খাবার
দই ও লো-ফ্যাট পনিরের মতো দুগ্ধজাত খাবারে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। আরও ভালো ফল পেতে খাদ্যতালিকায় আখরোট বা ফ্ল্যাক্সসিড যোগ করা যেতে পারে, কারণ এগুলো জিংক ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস।
মিষ্টি আলু
বিটা-ক্যারোটিনসমৃদ্ধ মিষ্টি আলু শরীরে ভিটামিন এ তৈরিতে সহায়তা করে। এই ভিটামিন চুলের ঘনত্ব বৃদ্ধি এবং সিবাম উৎপাদনে ভূমিকা রাখে, যা চুলকে প্রাকৃতিকভাবে আর্দ্র ও স্বাস্থ্যবান রাখে।
সবুজ কড়াইশুঁটি
সবুজ কড়াইশুঁটিতে রয়েছে ভিটামিন বি, জিংক ও আয়রন। স্বাস্থ্যকর ও মজবুত চুলের জন্য এসব পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় অন্যান্য সবজির পাশাপাশি সবুজ কড়াইশুঁটিও রাখা যেতে পারে।