
প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার চর্চা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের ক্লে বা প্রাকৃতিক কাদা আজও স্কিনকেয়ারে সমান জনপ্রিয়। তবে সব ক্লে সব ধরনের ত্বকের জন্য উপযোগী নয়। তাই কাঙ্ক্ষিত ফল পেতে হলে নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লে নির্বাচন করাই সবচেয়ে জরুরি।
বর্তমানে ত্বকের যত্নে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্লের মধ্যে রয়েছে মুলতানি মাটি, বেন্টোনাইট ক্লে, কাওলিন ক্লে, ডেড সি মাড এবং গ্রিন টি ক্লে মাস্ক। প্রতিটিরই রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও উপকারিতা।
মুলতানি মাটি
প্রাকৃতিক ক্লের মধ্যে মুলতানি মাটি সবচেয়ে পরিচিত। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, লোমকূপে জমে থাকা ময়লা দূর করতে সহায়তা করে এবং ব্রণের প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি ত্বকের নিস্তেজ ভাব দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও এটি উপকারী।
রোদে পোড়া দাগ বা পিগমেন্টেশন কমাতে নারকেলের পানির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার হালকা অ্যালার্জি বা ত্বকের জ্বালাপোড়ায় গোলাপজলের সঙ্গে মিশিয়েও এটি ব্যবহার করা হয়। তবে শুষ্ক ত্বকের ক্ষেত্রে সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করাই ভালো।
বেন্টোনাইট ক্লে
তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য বেন্টোনাইট ক্লে বেশ কার্যকর। এটি ত্বকের গভীরে জমে থাকা তেল, ময়লা ও দূষিত কণা শোষণ করে রোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে। এর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ কমাতে সহায়ক এবং নিয়মিত ব্যবহারে ব্রণের দাগও কিছুটা হালকা হতে পারে।
তবে এটি ত্বক কিছুটা শুষ্ক করে ফেলতে পারে। তাই ব্যবহারের সময় শুধু পানির বদলে মধু, দই বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
কাওলিন ক্লে
সংবেদনশীল ত্বকের জন্য কাওলিন ক্লে বা সাদামাটি অন্যতম নিরাপদ বিকল্প। এটি অতিরিক্ত তেল দূর করলেও ত্বককে অতিরিক্ত শুষ্ক করে না। একই সঙ্গে মৃত কোষ অপসারণ, রোমকূপ পরিষ্কার করা এবং ব্রণের প্রদাহ ও ত্বকের লালচে ভাব কমাতেও সহায়তা করে।
ডেড সি মাড
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজে সমৃদ্ধ ডেড সি মাড ত্বকের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে এবং ত্বককে সতেজ ও প্রাণবন্ত দেখাতে সাহায্য করে। এ কারণেই বিভিন্ন স্পা ট্রিটমেন্টে এর ব্যবহার ব্যাপক।
কিছু গবেষণায় দেখা গেছে, ডেড সি মাড সোরিয়াসিসের মতো কিছু ত্বকের সমস্যার উপসর্গ কমাতে এবং পেশির টান ও জয়েন্টের অস্বস্তি হ্রাসে সহায়ক হতে পারে। তবে এটি কোনো চিকিৎসা পদ্ধতির বিকল্প নয়।
গ্রিন টি ক্লে
গ্রিন টি নির্যাস এবং প্রাকৃতিক ক্লের সমন্বয়ে তৈরি গ্রিন টি ক্লে মাস্ক বর্তমানে বেশ জনপ্রিয়। এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ, রোমকূপ গভীরভাবে পরিষ্কার করা এবং ব্ল্যাকহেডস ও ব্রণ কমাতে সহায়তা করে। এছাড়া গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ, কোমল ও উজ্জ্বল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।