
ঘুমের সময় নাক ডাকার সমস্যা অনেকের কাছেই অস্বস্তিকর। এটি শুধু আক্রান্ত ব্যক্তির নয়, আশপাশের মানুষের ঘুমও ব্যাহত করতে পারে। সাধারণত শ্বাসনালী আংশিকভাবে সংকুচিত হয়ে গেলে বাতাস চলাচলের সময় গলার নরম টিস্যু কেঁপে ওঠে, আর সেখান থেকেই নাক ডাকার শব্দ তৈরি হয়। তবে কিছু সহজ ঘরোয়া অভ্যাস পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এই সমস্যা কমানো সম্ভব।
আরামদায়ক বিছানা ও বালিশ ব্যবহার করুন
পরিচ্ছন্ন ও আরামদায়ক বিছানা-বালিশ ভালো ঘুমের জন্য জরুরি। ধুলাবালি বা অস্বাস্থ্যকর পরিবেশ নাকের অ্যালার্জি বা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। মাথা শরীরের তুলনায় অন্তত চার ইঞ্চি উঁচুতে রেখে ঘুমালে শ্বাসপ্রশ্বাস সহজ হয়। এ ক্ষেত্রে ওয়েজ পিলো ব্যবহার করা যেতে পারে।
পাশ ফিরে ঘুমান
চিৎ হয়ে শুলে জিহ্বা ও গলার নরম টিস্যু শ্বাসনালীর দিকে সরে গিয়ে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। তাই পাশ ফিরে ঘুমানোর অভ্যাস নাক ডাকা কমাতে কার্যকর হতে পারে।
ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন, বিশেষ করে গলা ও ঘাড়ে চর্বি জমলে শ্বাসনালী সরু হয়ে যায়। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখলে নাক ডাকার প্রবণতা কমতে পারে।
মাউথপিস ব্যবহার করতে পারেন
বিশেষ ধরনের মাউথপিস চোয়ালকে সামনের দিকে রেখে শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করে। এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত।
ন্যাসাল স্ট্রিপ ব্যবহার করুন
নাক বন্ধ থাকলে ন্যাসাল স্ট্রিপ ব্যবহার করলে নাসারন্ধ্র কিছুটা প্রসারিত হয় এবং শ্বাস নিতে সুবিধা হয়। ফলে নাক ডাকার সমস্যা কমতে পারে।
রাতে ভারী খাবার এড়িয়ে চলুন
ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত বা ভারী খাবার খেলে নাক ডাকার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে অতিরিক্ত মসলাযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলাই ভালো।
নাক পরিষ্কার রাখুন
নাক বন্ধ থাকলে লবণ মেশানো কুসুম গরম পানি দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে। এছাড়া ঘুমানোর আগে গরম পানিতে গোসল করলে নাকের পথ কিছুটা স্বস্তি পায়।
ভেষজ তেল ব্যবহার
পিপারমিন্ট, ইউক্যালিপটাস বা টি ট্রি তেলের হালকা সুবাস নাকের বন্ধভাব কমাতে সহায়ক হতে পারে। তবে এগুলো ব্যবহারে অ্যালার্জি আছে কি না, তা আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।
হালকা সুরের সংগীত
কিছু বিশেষজ্ঞের মতে, ঘুমানোর সময় শান্ত ও হালকা সংগীত মনকে প্রশান্ত করে এবং ঘুমের মান উন্নত করতে সহায়ক হতে পারে। যদিও এটি নাক ডাকা কমানোর নিশ্চিত চিকিৎসা নয়, তবে অনেকের ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
যদি নাক ডাকার সঙ্গে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়া, অতিরিক্ত দিনের বেলা ঘুম ঘুম ভাব বা দীর্ঘদিনের ক্লান্তি থাকে, তাহলে দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ বা স্লিপ মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে।