
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে টেকনিক্যাল মোড়সংলগ্ন মিরপুর বাংলা কলেজের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। একই সময়ে মতিঝিল ও আসাদগেটের আড়ং মোড়েও সড়ক অবরোধ করেন অন্য পরীক্ষাকেন্দ্রের প্রার্থীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অতীতের মতো বর্তমান সরকারের আমলেও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, ‘ফ্যাসিবাদের আমলেও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হতো। এই সরকারের আমলেও তাই হচ্ছে। তাহলে চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন দেওয়ার লাভটা কী হলো?’
চাকরিপ্রার্থীরা প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তাঁরা।
প্রশ্নফাঁসের অভিযোগে এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর সামনে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রার্থীরা সড়কে নেমে প্রতিবাদ জানান।