
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহারসামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো এসব উপহার ইতোমধ্যে ঢাকার হজ অফিসে পৌঁছেছে এবং তা হজ ক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণের প্রক্রিয়া চলছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজ ক্যাম্পে অবস্থান করা যাত্রীদের মাঝে সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্বোধনী হজ ফ্লাইটে যেসব যাত্রী থাকবেন তাদের জন্য বিশেষভাবে ব্যাকপ্যাক, ইহরামের সময় ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী, পানির পাত্র, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার আলাদাভাবে প্যাকেট করে সংশ্লিষ্ট যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে জানা গেছে।