
রমজানকে সাধারণ মানুষ প্রায়শই শুধুমাত্র ইফতার ও কেনাকাটার সময় হিসেবে বিবেচনা করে। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে এটি ছিল আল্লাহর নৈকট্য অর্জনের এক অমূল্য সুযোগ।
তাদের প্রস্তুতি ছিল কোনো বাহ্যিক আয়োজনের চেয়ে অনেক গভীর এবং আত্মিক।
ছয় মাস আগে থেকেই শুরু হতো দোয়া
সাহাবিদের জীবনধারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর ভিত্তি করত। তাবেয়ি মুয়াল্লা বিন ফজল (রহ.) বলেন, “সাহাবায়ে কেরাম বছরের ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি তাদের রমজান পর্যন্ত পৌঁছে দেন। আর রমজান শেষ হলে পরবর্তী পাঁচ মাস তারা দোয়া করতেন- আল্লাহ যেন তাদের ইবাদত কবুল করেন। এভাবেই তাদের পুরো বছর ঘুরপাক খেত রমজানকে কেন্দ্র করে।”
শাবান মাসে কোরআনের অনুশীলন
রমজানের অন্যতম আমল হলো কোরআন তিলাওয়াত। এজন্য সাহাবিরা শাবান মাস থেকেই নিজেকে প্রস্তুত করতেন। শাবান শুরু হলে আমর বিন কাইস (রহ.) ব্যবসা বন্ধ করে পুরো সময় কোরআন অধ্যয়নে ব্যয় করতেন। তাদের মতে, শাবান হলো তিলাওয়াতকারীদের মাস, যাতে রমজানে দীর্ঘ সময় ধরে কোরআন পাঠ করা কষ্টকর না হয়, বরং শান্তি ও প্রশান্তি দেয়।
তওবা ও আত্মশুদ্ধির মানসিক প্রস্তুতি
সাহাবিরা বিশ্বাস করতেন যে গুনাহ অন্তরকে কঠিন করে এবং ইবাদতের স্বাদ নষ্ট করে। তাই রমজানের আগে তারা তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতেন। উদ্দেশ্য ছিল রমজানের প্রথম রাত থেকেই আল্লাহর বিশেষ রহমতের জন্য প্রস্তুত থাকা।
দান ও সদকার অভ্যাস গড়ে তোলা
রমজানে রাসুলুল্লাহ (সা.) এমন দানশীল হতেন যে বাতাসের মতো প্রবাহিত হতেন। সাহাবিরাও এই সুন্নাহ অনুসরণ করে রমজানের আগে দানের অভ্যাস গড়ে তুলতেন। মানুষের কষ্ট লাঘব করাতেই তারা আল্লাহর সন্তুষ্টি খুঁজে পেতেন, যা রমজানকে আরও অর্থবহ করে তুলত।
সাহাবিদের থেকে আমাদের শিক্ষা
সাহাবিদের জীবন আমাদের জন্য চিরন্তন শিক্ষার উৎস। তাদের ধৈর্য, সংকল্প এবং আধ্যাত্মিক উদ্দীপনা আমাদের শিখায় মানসিক প্রস্তুতির গুরুত্ব; এখনই দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া যে এই রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান। কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য তারা যেভাবে নিয়মিত তিলাওয়াত করতেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা। পাশাপাশি, তারা জীবনের অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়িয়ে ইবাদতে মনোযোগ দিতেন; আমরা চাইলে নিজের দৈনন্দিন কাজ ও সময়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এই শিক্ষা অনুসরণ করতে পারি।
যদি আমরা সাহাবিদের মতো একাগ্রতা ও আন্তরিকতা অর্জন করতে পারি, তবেই আমাদের রমজান সত্যিকার অর্থে ফলপ্রসূ ও সার্থক হয়ে উঠবে।