
ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণের ক্ষেত্রে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। রোববার (২২ নভেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আবদুল এল-সায়েদ বলেন, ইসরাইলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত গণতন্ত্রের মৌলিক নীতিগুলো সবার জন্য সমানভাবে কার্যকর করা।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরাইলের কেন তার পরিচয় পরিত্যাগ করা উচিত?
এর জবাবে এল-সায়েদ বলেন, পবিত্র ভূমিতে ফিলিস্তিনিরাও প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে ইসরাইল তার ভূখণ্ড সম্প্রসারণ করে চলেছে। আর যুক্তরাষ্ট্রও এই সম্প্রসারণে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে স্থান দেওয়া উচিত।
এল-সায়েদ আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সমান অধিকার, শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার—এসব নীতি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি এবং ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীর জন্যই এসব অধিকার নিশ্চিত করতে হবে।
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তার এই বক্তব্য কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা থেকে আসেনি। বরং সবার জন্য সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিষয়টিই এখানে মুখ্য।