
দুই দিনের ব্যবধানে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে চলে গেছে। বাকি গ্রহাণুটি ২০ নভেম্বর পৃথিবীর নিকটবর্তী হওয়ার কথা রয়েছে।
বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে এগিয়ে এলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির হিসাব বলছে, গ্রহাণুগুলো পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে। ফলে এগুলোর কারণে কোনো ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই।
তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ার বৈশিষ্ট্য ধারণ করে। কারণ, আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।
কোন গ্রহাণু কতটা কাছে আসছে
নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট। পৃথিবী থেকে এর সর্বনিম্ন দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার।
দ্বিতীয় গ্রহাণুটির নাম ২০২৬ টিবি৮৪। এর আকার প্রায় ২১০ ফুট, যা একটি উড়োজাহাজের সমান। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকার সময় এটি গ্রহ থেকে ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে ছিল।
তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। এটি পৃথিবী থেকে ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে।
চতুর্থ গ্রহাণু ২০১৮ এনই১-এর আকার প্রায় ২৩০ ফুট। গত ১৯ নভেম্বর এটি পৃথিবী থেকে ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে চলে গেছে।
অন্যদিকে, পঞ্চম গ্রহাণুটির নাম ২০২৬ ভিডি৬। ২০ নভেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে। সে সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।
কীভাবে গ্রহাণুর ঝুঁকি পর্যবেক্ষণ করে নাসা
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর গতিবিধি পর্যবেক্ষণ করে। এসব মহাজাগতিক বস্তুর কক্ষপথ, আকার, গতি এবং পৃথিবী থেকে দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করা হয়।
নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচলকারী গ্রহাণু ও ধূমকেতুকে নিয়ার আর্থ অবজেক্ট বা পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু বলা হয়। এসব বস্তুর কক্ষপথ কোনো কোনো সময় পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসতে পারে। এ কারণে সম্ভাব্য বিপদ এড়াতে নিয়মিতভাবে এগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা জরুরি।
সূত্র: উই-অন