
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে উপস্থিত জনতাকে নীরব থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ। কথা না শুনলে এক ঘণ্টা ধরে বক্তব্য দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও পাঁচ মিনিটে বক্তব্য শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ পর্যন্ত প্রায় নয় মিনিট কথা বলেন ৮৪ বছর বয়সী এই রাজনীতিক।
গত রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন খড়েগ। এ সময় প্রায় ৩০ সেকেন্ড নীরব থাকেন তিনি। সমাবেশস্থলে তখন স্লোগান, চিৎকার ও বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ চলছিল। পরিস্থিতিতে বিরক্তি প্রকাশ করে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি চুপচাপ বসেন, তাহলে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আর চুপ না থাকলে এক ঘণ্টা ধরে বক্তব্য দেব।’
সমাবেশে সবচেয়ে বেশি স্লোগান দেওয়া হয় ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে। তবে খড়েগের বক্তব্যও আলাদা করে আলোচনার জন্ম দেয়। এর পেছনে রয়েছে সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তাঁর করা একটি মন্তব্য, যা ভারতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিল।
রোববারের সমাবেশেও উপস্থিত কয়েকজনকে ‘মোদির বাবাও চলে যাবে’ স্লোগান দিতে শোনা যায়। এর আগে বিহারের পাটনায় দেওয়া এক বক্তব্যেও একই ধরনের মন্তব্য করেছিলেন খড়েগ। ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলে ক্ষমতাসীন বিজেপি। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে পাল্টা কর্মসূচিও ঘোষণা করে দলটি।