
ইয়েমেনে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে আট সরকারি সেনা নিহত হয়েছেন। একই দিনে তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে লাহিজে সেনা নিহত হওয়ার খবর জানায় ইয়েমেনের সেনাবাহিনী। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক অক্ষের এক বিবৃতিতে বলা হয়, প্রদেশটির আল-মাকাতিরাহ ফ্রন্টে হুথিদের সঙ্গে সংঘর্ষে ওই আট সেনা নিহত হন। তবে সংঘর্ষের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে শনিবার তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন বলে জানিয়েছে দেশটির একটি সরকারি দপ্তর। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন।
গত জুলাইয়ে শুরু হওয়া সামরিক উত্তেজনার ধারাবাহিকতায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটল। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। ওই সময়ের পর সাম্প্রতিক উত্তেজনাকে সবচেয়ে বড় সামরিক সংঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক অভিযান শুরু করে।
দীর্ঘস্থায়ী এই সংঘাতে ইয়েমেনের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে সংঘর্ষ বাড়লে দেশটির বেসামরিক জনগণের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।