
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে তুরস্ক সরকারের কয়েকজন শীর্ষ পর্যায়ের মন্ত্রী অংশ নেবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার সময়েই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারের নেতা সম্প্রতি হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল পুনর্দখলের লক্ষ্যেই এ অভিযান চালানোর কথা জানানো হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ কতটা এগিয়েছে, সেটিও আলোচনায় গুরুত্ব পাবে।
জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং দেশটির সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।
এ ছাড়া বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।