-6abd0600275d4 (1).webp)
হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাবার শেষে সাংবাদিকদের সামনে কথা বলার একপর্যায়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে নিয়ে হঠাৎ রসিকতা করেন তিনি।
সুন্দর পিচাইকে কথা বলার জন্য আহ্বান জানানোর পর ট্রাম্প নিজেই তাকে থামিয়ে দিয়ে বলেন, এই ব্যক্তি একজন ‘দানব’, অথচ তাকে সেভাবে কেউ চেনে না। এরপরই পিচাইয়ের ব্যক্তিগত জীবনের প্রশংসা করে ট্রাম্প বলেন, তার জীবন কত চমৎকার এবং একজন ‘দানব’ হয়েও তাকে কোনো ধরনের ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় না। পিচাইয়ের নাম উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘সুন্দর’—এটাই তার নাম।
প্রেসিডেন্টের এমন অপ্রত্যাশিত মন্তব্যে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, সুন্দর পিচাইও বিষয়টি হাসিমুখে গ্রহণ করেন।
পিচাইয়ের রসিকতাপূর্ণ পাল্টা জবাব
ট্রাম্পের মন্তব্যের জবাবে গুগল প্রধানও মুচকি হেসে বলেন, তিনি আশা করছেন, এই মন্তব্যটি তার সম্পর্কে আগে বলা অন্য যেকোনো কথার তুলনায় আরও ভালো একটি ‘ট্যাগলাইন’ হিসেবে পরিচিত হবে।
দুজনের এই সংক্ষিপ্ত কথোপকথনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিবেশে খানিকটা হাস্যরসের আবহ তৈরি হয়।
এআই নিরাপত্তায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চুক্তি
তবে অনুষ্ঠানটির মূল আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, মেটার মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক এবং এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তারা একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
‘দ্য হোয়াইট হাউস অ্যাকর্ড অন সুপার ইন্টেলিজেন্স’ নামে পরিচিত এই চুক্তির লক্ষ্য হলো উন্নত প্রযুক্তিকে এমনভাবে এগিয়ে নেওয়া, যাতে তা মানুষের উপকারে আসে এবং সম্ভাব্য ঝুঁকি কমানো যায়।
অনুষ্ঠানে সুন্দর পিচাই জানান, গত দুই বছরে গুগল এআই প্রযুক্তির উন্নয়নে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভবিষ্যতেও এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান তিনি। মানুষের জীবনকে আরও সহজ করার পাশাপাশি প্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখাকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন পিচাই।
চুক্তির আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কঠোর নিয়ম, যাচাই-বাছাই ও নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে এআই মডেল তৈরিতে সম্মত হয়েছে।
তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া।