
সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো গোপন বৈঠক হয়নি বলে স্পষ্ট করেছে রিয়াদ। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরাইলের সঙ্গে এমন বৈঠকের খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
এর আগে ইসরাইলের একটি সংবাদমাধ্যম দাবি করে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর একটি বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় সৌদি আরবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরান ও হুথি মোকাবিলায় আঞ্চলিক জোটের আলোচনা?
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নেতানিয়াহুর উদ্যোগে আয়োজিত কথিত গোপন বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরব ও অন্যান্য আরব দেশের প্রতিনিধিরাও অংশ নেন।
আলোচনায় ইরান ও হুথিদের বিরুদ্ধে মোকাবিলা, ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্য একটি আঞ্চলিক জোট গঠনের মতো বিষয় উঠে আসে বলেও দাবি করা হয়।
পর্দার আড়ালের আয়োজন
কথিত বৈঠকটির আয়োজন ও সমন্বয়ের ক্ষেত্রে ইসরাইলি রাষ্ট্রদূত ইয়োসি শেলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। পুরো বিষয়টি তিনি পর্দার আড়াল থেকে পরিচালনা করেছিলেন বলেও উল্লেখ করা হয়েছিল।
তবে সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তার সরাসরি অস্বীকৃতির পর ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ওই গোপন বৈঠকের দাবি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
তথ্য সূত্র: মিডলইস্ট মনিটর