-6ab891fe3f506.webp)
ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহার করে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেকারচি বলেন, অসম যুদ্ধকৌশলের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে ইরান। এর ফলে আগের তুলনায় দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি।
শেকারচির ভাষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এখন আরও উন্নত এবং শক্তিশালী। একই সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য আগের যেকোনো সময়ের তুলনায় ইরান এবার ভালোভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকও রয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব আমরা নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেব।’
কম খরচের প্রতিরক্ষা সরঞ্জামে গুরুত্ব
শেকারচি জানান, ইরানের অসম যুদ্ধকৌশলের অন্যতম প্রধান লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা।
তার মতে, এই কৌশলের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা