
ইয়েমেনের তায়েজ ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ৩৭টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত পক্ষ। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা সৌদি এফ-১৫ যুদ্ধবিমান তায়েজ ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালায়।
হামলার প্রতিক্রিয়ায় আনসারুল্লাহ নেতা সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথি অভিযোগ করেন, মার্কিন তত্ত্বাবধান ও ইসরায়েলি উসকানিতে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত রেখেছে। তাঁর দাবি, দীর্ঘদিনের এই সংঘাতে সৌদি আরব বেসামরিক জীবনের তোয়াক্কা না করে বাজার, ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে হামলা চালিয়েছে।
আল-হুথি দাবি করেন, ইয়েমেন আগে যুদ্ধ শুরু করেনি এবং তারা কেবল আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। তাঁর ভাষ্য, সানা বিমানবন্দরে সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার পরই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সৌদি নেতৃত্ব ইয়েমেনের জনগণকে দুর্বল ও দমন করে নিজেদের ক্ষমতা বজায় রাখতে চায় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ইয়েমেনি জনগণ আত্মসমর্পণ না করে এই আগ্রাসনের বিরোধিতা করছে এবং তাদের পাল্টা হামলাগুলো সৌদি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
মক্কায় ইয়েমেন হামলা চালিয়েছে—সৌদি আরবের এমন দাবিও প্রত্যাখ্যান করেন আল-হুথি। তিনি এটিকে ‘খুবই বড়, কুৎসিত ও জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেন।
এর আগে সৌদি আরব জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন বাধা দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে তায়েফে একজন নিহত ও দুজন আহত হন। অন্যদিকে, হুথিরা মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
আল-হুথি অভিযোগ করেন, সৌদি আরব মক্কার বিষয়টিকে ব্যবহার করে পুরো অঞ্চলকে সরাসরি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে মক্কার পবিত্রতাকে অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সৌদি আরবের পক্ষ থেকে ৩৭টি হামলার এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে রয়টার্সও ১৭ সেপ্টেম্বর সৌদি হামলার কথা জানিয়ে বলেছে, হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন হাজ্জাহ ও তায়েজে সৌদি বিমান হামলার খবর প্রচার করেছে।