
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির জাতীয় নির্বাচনে তাঁর দল অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সুইডেনের নির্বাচন কমিশন জানিয়েছে, গত রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো ১৭৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোট পেয়েছে ১৭৩টি আসন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলফ ক্রিস্টারসন বলেন, নতুন সরকার গঠনের পরবর্তী ধাপগুলো পরিচালনার দায়িত্ব এখন পার্লামেন্টের স্পিকারের। সেই প্রক্রিয়া যাতে অবিলম্বে শুরু করা যায়, সে জন্য তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
এর আগে বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছিল, পার্লামেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনার পর বিরোধী জোটের জয় নিশ্চিত হয়েছে, যদিও দুই পক্ষের মধ্যে ব্যবধান খুবই কম।
এসভিটির হিসাব অনুযায়ী, বিরোধীদলীয় নেতা মাগডালেনা অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বাধীন জোট ৩৪৯ আসনের রিক্সদাগে ১৭৫টি আসন পেতে যাচ্ছে। এর ফলে সুইডেনে সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এসভিটি আরও জানিয়েছিল, পরিস্থিতির মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা এতটাই কম যে বিরোধী দলই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে—এ বিষয়ে দৃঢ়ভাবে বলা যায়।
সূত্র: রয়টার্স, বিবিসি