
সৌদি আরবের তিন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সোমবার সৌদির খামিস মুশাইত, আবহা ও তাইফ শহর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আহতদের অবস্থা গুরুতর নয়। তাদের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার।
তিনি জানান, হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-মালিকি অভিযোগ করেন, হুথিরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, আত্মরক্ষার অধিকার অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর আগে সোমবার হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সারি বলেন, হুথিদের ওপর চালানো এসব হামলার ‘জবাব দেওয়া হবে’। একইদিন হুথিরা খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে আরও বড় পরিসরে অভিযান চালানোর হুমকিও দেয় তারা।
ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে সম্প্রতি পরিস্থিতি আবারও উত্তপ্ত হ