
টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনান। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩১ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রাদেশিক ত্রাণ কমিটির তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ৩১ হাজার ৫৬৪ জনকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে রোববার বিকেল পর্যন্ত প্রদেশটির ২৪টি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এর মধ্যে ওয়ানিং শহরের ছাংফেং এলাকায় সর্বোচ্চ ৪৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে আরও ভারী বর্ষণের আশঙ্কা করছে প্রশাসন।
পরিস্থিতির অবনতিতে ওয়ানিং শহরে সর্বোচ্চ ‘লেভেল-১’ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ছিয়ংহাইসহ আরও পাঁচটি এলাকায় ‘লেভেল-২’ সতর্কতা জারি করা হয়েছে।
জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি শহর ও জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আটটি এলাকার পর্যটনকেন্দ্রও বন্ধ রাখা হয়েছে। পানি জমে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়েছে। পানি দ্রুত সরিয়ে নিতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় পাম্পও। পাশাপাশি বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জরুরি মেরামতকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।