
হরমুজ প্রণালিতে ফের দুটি মার্কিন সামরিক নৌযানে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত সাত দিনে এ নিয়ে তৃতীয়বারের মতো মার্কিন সামরিক নৌযানে হামলার দাবি করল ইরান।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে দুটি চালকবিহীন মার্কিন সামরিক নৌযানে হামলা চালানো হয়েছে। নৌযান দুটি মার্কিন বাহিনীর সামুদ্রিক ড্রোন বলে ধারণা করছে ইরান।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হরমুজে দুটি মার্কিন নৌযানে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানে। এতে একটি নৌযানে আগুন ধরে যায়। অপর নৌযানটির ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হামলার স্থান থেকে ওমানের মুসান্দাম প্রদেশের রাজধানী আল খাসাবের উপকূলের দূরত্ব প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়েছে। ইরানের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের কারণে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর হরমুজে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি। সর্বশেষ হামলাকে ওই ধারাবাহিকতার তৃতীয় ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।