
ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদিতে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এসব হামলা চালানো হয় বলে এএফপির বরাতে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের বরাত দিয়ে হামলার তথ্য জানানো হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশটির একটি তেল কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ওই হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলেও জানানো হয়।
গত সপ্তাহে বাব এল-মান্দেব প্রণালীর কাছাকাছি ভূখণ্ড দখলের লক্ষ্যে হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হয়ে ওঠে।
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব এল-মান্দেব প্রণালী আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের ৫০০ জনের বেশি যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।