
ভারতের উত্তর প্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসনের দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হলে ট্রেইনি পাইলট ও প্রশিক্ষক—দুজনই মারা যান।
নিহতদের একজন গুজরাটের শচীন ভাটিয়া এবং অপরজন কর্ণাটকের অভিষেক পূজারী। সকাল সাড়ে ১১টার দিকে কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রশিক্ষণ শেষে কেন্দ্রে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি বিধ্বস্ত হয়। বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের (ডিজিসিএ) কাছে জানানো হয়েছে। সংস্থাটির একটি দল দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থা ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রে যুক্ত হওয়া বিমানটির ধ্বংসাবশেষের ছবি ও ভিডিওতে ডানা ও অন্যান্য অংশ দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।