
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। এখন পর্যন্ত দুর্যোগে ২৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৪৯৬ জন। নিহতদের স্মরণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এ হতাহতের তথ্য নিশ্চিত করেন।
সরকারের ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রীয় শোকের তিন দিন সরকারি ভবন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত কলম্বিয়ার দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
গত সোমবার স্থানীয় সময় সকালে দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পশ্চিমাঞ্চলের চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায় ছিল এর উৎপত্তিস্থল। শক্তিশালী এই কম্পন পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়। কালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৭০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে কয়েকটির মাত্রা ৪-এর ওপরে ছিল। বড় ভূমিকম্পের পর এ ধরনের পরাঘাত অস্বাভাবিক না হলেও এগুলো উদ্ধার কার্যক্রমকে আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন করে তুলছে।
কম্পনের তীব্রতায় বহু ভবন ধসে পড়েছে। কোথাও ভবনের আংশিক কাঠামো ভেঙে পড়েছে, আবার কোথাও পুরো স্থাপনাই ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা।
নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার জন্য দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই এই দুর্যোগ বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম সমন্বয়ে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার।
সাংবাদিকদের দে লা এসপ্রিয়েলা বলেন, ‘আমাদের প্রচেষ্টার মূল লক্ষ্য এখন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা।’
দুর্গত এলাকাগুলোতে সরকার জরুরি ত্রাণসামগ্রী ও চিকিৎসাসেবা পাঠাচ্ছে। একই সঙ্গে উদ্ধার তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত সচল করার কাজও চলছে।
দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ কলম্বিয়ার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। মেক্সিকো ও এল সালভাদরও সহযোগিতা পাঠানোর উদ্যোগ নিয়েছে।