
হরমুজ প্রণালিতে কোনো বিকল্প নৌপথ বা দ্বিতীয় করিডর তৈরির উদ্যোগ ইরান মেনে নেবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালির অবরোধ অব্যাহত থাকলে মার্কিন যুদ্ধজাহাজ ও সেনাদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হবে এবং প্রাণহানির আশঙ্কাও রয়েছে।
ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে রেজাই বলেন, ‘বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না।’
সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিবের দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি দেব না।’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। এই নৌপথকে ঘিরে সংঘাত বা উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।