
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। দখলদার দেশটির এমন কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ।
নিন্দা জানানো দেশগুলো হলো—জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশর।
বুধবার (৫ আগস্ট) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা অবকাঠামোকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়তে থাকায় সাম্প্রতিক শান্তি উদ্যোগগুলো বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর উদ্যোগে শান্তিচুক্তি সম্পন্ন করার প্রচেষ্টাও এসব হামলার কারণে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন তারা।
আম্মানের ওই বৈঠকে মূলত জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অংশগ্রহণকারী দেশগুলো গাজার চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অভিন্ন অবস্থান তুলে ধরে যৌথ বিবৃতি দেয়।
এদিকে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও পাঁচজন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ১২১ জন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক সামরিক অভিযানে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৩৬ জন আহত হয়েছেন।