
ইরানের সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়ে হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা সফল না হলে তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ারও সতর্কবার্তা দিয়েছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি অচিরেই উন্মুক্ত করা হবে। অন্যথায় সেখানে অত্যন্ত শক্তিশালী সামরিক হামলা চালানো হবে এবং এরপরই প্রণালিটি খুলে যাবে। তিনি আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের প্রস্তুতি থাকা সত্ত্বেও ইরানের কর্মকর্তাদের বিনীত অনুরোধে তিনি আলোচনায় বসতে সম্মত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। তার ভাষ্য, তেহরান যদি আবারও আলোচনার পথ থেকে সরে আসে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকগুলোকে ইতিবাচক উল্লেখ করে ট্রাম্প জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আলোচনার চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে। তার আশা, সমঝোতা সফল হলে হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার পাশাপাশি জ্বালানি তেলের দাম প্রতি গ্যালনে প্রায় ২ দশমিক ৫০ ডলারে নেমে আসবে।
এদিকে সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে চুক্তি বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিবেদনে বুধবারের মধ্যেই একটি যৌথ ঘোষণা আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরান এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে উভয় পক্ষই দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা শুরু হয়। পরে এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও গত মাসে সেই সমঝোতা ভেঙে যায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা শুরু হয়েছে।