
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন তানভীর। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। পরে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ একটি পোস্ট দেন। এ পোস্টকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরবর্তীতে তানভীর তার ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে সংগঠনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে তিনি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অবস্থানকালে ফেসবুকে তানভীরের একটি পোস্ট দেখতে পান। সেখানে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়, তবুও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে বলে এজাহারে দাবি করা হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কর্মসূচিতে নেতাকর্মীরা শহরের সাতমাথা এলাকায় তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার ব্যানার ছিঁড়ে ফেলেন। পাশাপাশি তাকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল কেন্দ্রীয় এনসিপি গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয়। সে সময় তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তবে পরে দল সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে আগের সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেয়।
এ ছাড়া গত বছরের ২৫ মার্চ সরকার নির্ধারিত সময়ের পর বগুড়ার মহাস্থান জাদুঘরে প্রবেশে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে মারধরের এবং জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানাসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় কাস্টোডিয়ান শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যা সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।