
আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন।
শনিবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে তারা দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
এদিকে, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়েছেন।
ভয়াবহ এ দুর্ঘটনার পর প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে তেব্বুন বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ীরা ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’।
তিনি আরও জানান, তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা।