
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে মার্কিন বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আহমেদ আল জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয়। তাদের দাবি, বিস্ফোরকবোঝাই ড্রোনের মাধ্যমে যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আহমেদ আল জাবের বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথে সামরিক অভিযান, নজরদারি কার্যক্রম এবং রসদ সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কুয়েত কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।