
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটি।
প্রাথমিকভাবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পরে আইআরজিসি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। বিবৃতিতে বলা হয়, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
একই বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে সামরিক তৎপরতা বা হুমকি অব্যাহত রাখে, তাহলে তাদের পক্ষ থেকেও ‘প্রতিরোধমূলক’ অভিযান চলতে থাকবে।
এ ঘটনায় জর্ডান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি। হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনাকে পরিস্থিতির আরও একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: সেন্টকম, অ্যাক্সিওস