
হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ঝুঁকিপূর্ণ ও ‘অবৈধ’ পথে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে, আর বাকি জাহাজগুলোকে পারস্য উপসাগরে ফিরিয়ে দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলোকে আটকের পর একটি দুর্ঘটনার শিকার হয় এবং অন্যগুলোকে ‘ইরানের দৃঢ় ব্যবস্থাপনার’ মাধ্যমে পুনরায় পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য করা হয়।
আইআরআইবি এক ওয়াকিফহাল কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো ওই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করলে ইরান তাদের বাধা দেয়।
সূত্র: আল জাজিরা